ইনকিলাব, আজাদি, বন্দোবস্ত ও বয়ান নিয়ে বিতর্ক কেন?

আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ হঠাৎ আলোচনায় কেন

Feb 23, 2026 - 18:08
 0  7
ইনকিলাব, আজাদি, বন্দোবস্ত ও বয়ান নিয়ে বিতর্ক কেন?
সংগৃহীত ছবি

 গাজী আরমান;-  সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ‘আজাদি’, ‘ইনকিলাব’, ‘বয়ান’, ‘বন্দোবস্ত’, ‘ইনসাফ’ ও ‘মজলুম’—এসব শব্দ ব্যাপকভাবে আলোচনায় এসেছে। কেউ কেউ এই শব্দগুলো বক্তৃতা ও প্রকাশ্যে জোর দিয়ে ব্যবহার করছেন, আবার কেউ মনে করছেন প্রচলিত বাংলা শব্দের বদলে নতুন শব্দ প্রয়োগ করা হচ্ছে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের মন্ত্রী, রাজনৈতিক দল ও শীর্ষ নেতা পর্যন্ত মন্তব্য করতে শুরু করেছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি বলেছেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। এই ধরনের নতুন শব্দ বাংলার সঙ্গে খাপ খায় না।” অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক মাধ্যমে এ শব্দগুলো ব্যবহার করে রাজনৈতিক এবং সাংস্কৃতিক উদ্দেশ্য প্রকাশ করেছেন।

ভাষাবিদরা এই বিতর্ককে ভাষার স্বাভাবিক প্রবাহ হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর বলেন, “ইনকিলাব, ইনসাফ, আজাদি, মজলুম, বয়ান, বন্দোবস্ত—এসব শব্দ কোনোভাবেই ভাষার বিকৃতি নয়, এগুলো বাংলা ভাষার জন্য কোনো হুমকিও নয়। এর ব্যবহার রাজনৈতিক কারণে আলোচিত হচ্ছে।” তিনি আরও বলেন, “বাংলা ভাষা সব সময় অন্য ভাষার শব্দ গ্রহণ করেছে, যেমন ইংরেজি, ফারসি, আরবি। শব্দগুলো ভাষাকে আরও সমৃদ্ধ করছে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি বলেন, “ভাষা নদীর মতো প্রবাহমান। বাংলা ভাষাও সময়ের সঙ্গে নতুন শব্দ গ্রহণ করে নিজের কাঠামোকে সমৃদ্ধ করেছে। কেউ ইচ্ছা করেই কিছু শব্দ বেশি প্রচলিত করতে চাইলেও, ভাষা তার নিয়মে গ্রহণ বা প্রত্যাখ্যান করবে।”

বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন শব্দগুলো মূলত রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক আন্দোলনের প্রসঙ্গেই বেশি আলোচনায় এসেছে। ২০২৪ সালের আগস্টে সরকারের পরিবর্তনের পর রাজনৈতিক নেতারা ও আন্দোলনকারীরা জনসমক্ষে ‘আজাদি’, ‘ইনকিলাব’, ‘নয়া বন্দোবস্ত’ ইত্যাদি শব্দের ব্যবহার বাড়িয়েছেন। বিশেষ করে ‘ইনকিলাব’ শব্দটি আলোচনায় এসেছে ইনকিলাব মঞ্চ এবং জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমের কারণে।

ভাষাবিদরা এ ব্যাপারে সতর্ক করে বলেছেন, শব্দের রাজনৈতিক বা ধর্মীয় ব্যবহার যদি অতিরিক্ত হয়ে যায়, তা বিভাজন সৃষ্টি করতে পারে। তবে সাধারণভাবে ভাষার বিকৃতি বা হুমকির আশঙ্কা নেই।

বাংলা ভাষা ইতিহাসে বহুবার বিদেশি ও নতুন শব্দ গ্রহণ করেছে, যা ভাষার প্রাণকে সমৃদ্ধ করেছে। তাই এই মুহূর্তের বিতর্কও ভাষার প্রাকৃতিক বিকাশের অংশ হিসেবে দেখা উচিত।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0