পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে সাইবার প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার গভীর রাতে নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি মো. আরিফ হোসেন (২৭)। তিনি ওই এলাকার আতাউর মালিথার ছেলে।
ডিবি সূত্র জানায়, চিরিরবন্দর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরিফকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি (লোডেড) ও একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ১৫টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিম ও ডিভাইস প্রতারণার কাজে ব্যবহৃত হতো।
অভিযান চলাকালে চক্রের আরেক সদস্য বিজয় ইসলাম পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নাটোর জেলার লালপুর থানা পুলিশও সহযোগিতা করে। পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় পুরো অভিযানটি পরিচালিত হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। বিভিন্ন নম্বর থেকে যোগাযোগ করে তারা অর্থ হাতিয়ে নিত।
পুলিশের ধারণা, একই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় আরও সদস্য সক্রিয় রয়েছে। এ ঘটনায় লালপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিসহ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।