‘আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছেন’ অর্থ কী?

বারবার সত্য অস্বীকারের ফল: অন্তর যখন সত্য গ্রহণে অক্ষম হয়

Feb 9, 2026 - 17:36
 0  7
‘আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছেন’ অর্থ কী?

পবিত্র কোরআনের সুরা বাকারার ৬ ও ৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা এমন এক শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন, যারা সত্যকে জেনে–বুঝে প্রত্যাখ্যান করেছে। এই আয়াতগুলোতে বলা হয়েছে—যারা কুফরি করেছে, তাদের সতর্ক করা হোক বা না হোক, উভয় অবস্থাই তাদের জন্য সমান; তারা কখনোই ইমান আনবে না। আল্লাহ তাদের অন্তর ও শ্রবণশক্তির ওপর মোহর এঁটে দিয়েছেন এবং তাদের দৃষ্টির ওপর পর্দা টেনে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির প্রতিশ্রুতি।

এই আয়াতগুলোর মাধ্যমে মূলত মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে সান্ত্বনা দেওয়া হয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, কাফেরদের ইমান না আনার দায় নবীজির ওপর বর্তায় না। তিনি যেন তাদের অবাধ্যতা ও অবিশ্বাসের কারণে অতিরিক্ত দুঃখে ভারাক্রান্ত না হন কিংবা তাদেরকে সঠিক পথে আনতে গিয়ে নিজেকে অযথা ক্লান্ত না করেন। কারণ, সত্য প্রত্যাখ্যানের সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছে।

কাফেরদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়ার অর্থ এই নয় যে, আল্লাহ জোরপূর্বক তাদের ইমান থেকে দূরে সরিয়ে রেখেছেন। বরং বারবার সত্য অস্বীকার করা, অহংকার ও অবাধ্যতার পথ বেছে নেওয়ার ফলে তাদের অন্তর ধীরে ধীরে সত্য গ্রহণের সক্ষমতা হারিয়ে ফেলেছে। কানে মোহর এবং চোখে পর্দা দেওয়ার অর্থ হলো—কোরআনের বাণী তাদের কাছে পৌঁছালেও তারা তা অনুধাবন করতে পারে না; আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখেও স্রষ্টার পরিচয় ও ক্ষমতা উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়ে।

এ অবস্থার জন্য কোরআন, নবীজি (সা.) বা অন্য কোনো প্রচেষ্টার ত্রুটি দায়ী নয়। বরং তারা নিজেরাই নিজেদের কুফরির কারণ তৈরি করেছে। আল্লাহ প্রদত্ত বিবেক ও বুদ্ধিকে সঠিকভাবে কাজে না লাগিয়ে তারা সত্য উপলব্ধির সুযোগ নষ্ট করেছে এবং সে অনুযায়ী আমল করতেও ব্যর্থ হয়েছে।

‘আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন’—এই বক্তব্যের মাধ্যমে আল্লাহর একটি নীতি স্পষ্ট হয়। তা হলো, কেউ যদি একের পর এক সত্য প্রত্যাখ্যান করতে থাকে, তবে একসময় তার অন্তর সত্য গ্রহণে অক্ষম হয়ে পড়ে। এটি কোনো জবরদস্তি নয়; বরং মানুষের নিজের কর্মফলের স্বাভাবিক পরিণতি। আল্লাহ চাইলে তাদের এ অবস্থা থেকে উদ্ধার করতে পারেন—তা হবে তাঁর অনুগ্রহ। আর যদি তিনি তাদের সেই অবস্থায় ছেড়ে দেন, সেটাই হবে তাঁর ন্যায়বিচার। কারণ, মানুষের কৃতকর্মের ফলে যে পরিণতি তৈরি হয়, তা থেকে মুক্ত করা আল্লাহর ওপর বাধ্যতামূলক নয়।

কোরআনের অন্য আয়াতগুলোও এই বিষয়কে আরও পরিষ্কার করে। সুরা বাকারার ৮৮ নম্বর আয়াতে বলা হয়েছে—কাফেররা বলে, তাদের অন্তর আবৃত; অথচ তাদের কুফরির কারণেই আল্লাহ তাদের ওপর অভিশাপ দিয়েছেন, ফলে তারা অল্পই ইমান আনে। আবার সুরা ফুসসিলাতের ৪ ও ৫ নম্বর আয়াতে বলা হয়েছে—তারা ঘোষণা করে, যেদিকে তাদের আহ্বান করা হচ্ছে সে বিষয়ে তাদের অন্তর আবৃত, কানে রয়েছে বধিরতা এবং আহ্বানকারীর সঙ্গে তাদের রয়েছে এক অদৃশ্য অন্তরায়।

সবশেষে, কোরআনের এই শিক্ষা স্পষ্ট করে দেয় যে, কাফেররা তাদের অহংকার ও অবাধ্যতার মাধ্যমে আল্লাহর কর্তৃত্বের বাইরে চলে যেতে পারে না। হেদায়াত ও গোমরাহির স্রষ্টা আল্লাহ নিজেই। ইমান ও কুফরের পথও তিনিই নির্ধারণ করে দিয়েছেন। মানুষ নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী সে পথের যে কোনো একটি বেছে নেয়—আর তার পরিণতিও সে নিজেই বহন করে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0