জাপানের সাধারণ নির্বাচনে বড় ধরনের জয় অর্জন করেছে প্রধানমন্ত্রী সানে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনে দেশটির সংসদের শক্তিশালী নিম্নকক্ষে বিপুল ভোটে জয় পেয়েছে ক্ষমতাসীন দলটি, ফলে তাকাইচির নেতৃত্ব আরও সুদৃঢ় হলো।
সরকারি সম্প্রচারক এনএইচকের সংগৃহীত ফলাফল অনুযায়ী, ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি এককভাবে ৩১৬টি আসনে জয় পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেখানে প্রয়োজন ছিল ২৩৩টি আসন, সেখানে অনেক ব্যবধানে সেই সীমা ছাড়িয়ে গেছে তাকাইচির দল।
নির্বাচনী জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেন, তার সরকার বরাবরই দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির ওপর গুরুত্ব দিয়ে এসেছে। তিনি জানান, ভবিষ্যতেও আর্থিক নীতির স্থায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রয়োজনীয় খাতে বিনিয়োগ নিশ্চিত করা হবে। তার ভাষায়, অর্থনীতিকে চাঙ্গা রাখতে পরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়াই সরকারের মূল লক্ষ্য।
সানে তাকাইচি বর্তমানে জাপানের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বাধীন এলডিপি গত সাত দশকের বেশিরভাগ সময়ই জাপানের রাষ্ট্রক্ষমতায় রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে তহবিল ব্যবস্থাপনা ও কিছু ধর্মীয় সংশ্লিষ্ট কেলেঙ্কারির কারণে দলটি সমালোচনার মুখে পড়েছিল। এমন প্রেক্ষাপটেই রাজনৈতিক পরিস্থিতি ঘুরিয়ে আনতে এবং নতুন জনসমর্থন যাচাই করতে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন।
নির্বাচনী প্রচারণায় তাকাইচি করছাড় ও সরকারি ভর্তুকি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক ভোটার সমর্থন আদায় করেন। এসব প্রতিশ্রুতি সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করলেও সমালোচকদের একাংশ মনে করছেন, বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ জাপানের দীর্ঘদিনের ধীরগতির অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
নির্বাচনের সময়কালেও জাপানের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে টোকিওসহ বড় শহরগুলোতে, রেকর্ড পরিমাণ তুষারপাত জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। তুষারের কারণে অনেক এলাকায় ভোটকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে হলেও ভোটার উপস্থিতিতে বড় কোনো ভাটা দেখা যায়নি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিশ্লেষকদের মতে, এই বিপুল জয়ের পেছনে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা বড় ভূমিকা রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং সরাসরি যোগাযোগের কৌশলের মাধ্যমে তিনি বিশেষ করে তরুণ ভোটারদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার এই জনপ্রিয়তাই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এলডিপিকে নিরঙ্কুশ বিজয়ের দিকে নিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
এই নির্বাচনী ফলাফলের মাধ্যমে জাপানের রাজনীতিতে তাকাইচির অবস্থান আরও শক্তিশালী হলো এবং আগামী দিনে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।