রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

May 21, 2026 - 21:29
 0  3
রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
রামিসা ও প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে নির্মম নির্যাতন ও হত্যার শিকার ছোট্ট স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারকে সান্ত্বনা জানাতে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার রাতে তিনি সরাসরি রামিসার বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে রাতেই এই সফর সম্পন্ন করার কথা রয়েছে। বৈঠক শেষ হওয়ার সম্ভাব্য সময় রাত ৯টা, এরপরই তিনি পল্লবীর উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, সফরের মূল উদ্দেশ্য হলো শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সমবেদনা জানানো।

গত মঙ্গলবার পল্লবীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ৭ বছর বয়সি রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি সোহেল রানা প্রাথমিক জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরদিন বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে নামাজে এশার পর রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শোকাহত পিতা আবদুল হান্নান মোল্লা মেয়েকে দাফনের পর ঢাকায় ফিরে আসেন। পরদিন তিনি রামিসার স্কুলে গিয়ে সহপাঠীদের সঙ্গে কিছু সময় কাটান। সেখানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা শোকে মুহ্যমান হয়ে পড়েন। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

এই হৃদয়বিদারক ঘটনার পর শিশুর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জোরালো হচ্ছে। পাশাপাশি এমন ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0