পিলখানা বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন; স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের স্বচ্ছতা ও জনসেবায় জোর সরকারের
ঢাকা: ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের জন্য নতুন করে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানীতে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, কমিশন গঠন করে তার রিপোর্ট অনুযায়ী ন্যায়বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, “এটার জন্য নতুন তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি। আমাদের প্রতিশ্রুতি আছে, ইশতেহারের মধ্যেও বিষয়টি অন্তর্ভুক্ত। আমরা পিলখানা বিদ্রোহের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করব।”
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী গণহারে অনেক মানুষ হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। এইসব মামলা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুলিশকে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভুক্তভোগীরা অযথা ভোগান্তির শিকার না হন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নয়ন ও জনগণকে শান্তি ও স্বস্তি প্রদান সরকারের অগ্রাধিকার। মন্ত্রী স্পষ্ট করেন, “বাংলাদেশে মব কালচারের যুগ শেষ। কেউ রাস্তা অবরোধ বা সহিংসতার মাধ্যমে দাবি আদায় করতে পারবে না। বৈধ পন্থায়ই দাবি উপস্থাপন করতে হবে।”
বৈঠকে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। রাজনৈতিক কারণে বিধির বাইরে কোনো ব্যক্তিকে প্রোটোকল দেওয়া যাবে না, পুলিশের স্বচ্ছতা বজায় রাখা হবে এবং জনসেবায় বাধা সৃষ্টি হলে তা প্রতিকার করা হবে।
পুলিশের নিয়োগ ও বদলির প্রক্রিয়াতেও সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। ২৭০১ শূণ্য পদে কনস্টেবল নিয়োগ এবং পূর্বের নিয়োগ প্রক্রিয়ায় কোনো জালিয়াতি হয়েছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মন্ত্রী। এছাড়া পাসপোর্ট অফিসে ভোগান্তি কমাতে সহায়তাকারীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে।
এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী, পূর্বে দেওয়া অস্ত্র লাইসেন্সের পুনর্বিবেচনা ও যাচাই-বাছাই করা হবে।
মন্ত্রী স্পষ্ট করেন, “কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না, তবে পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। যাতে কেউ অযথা ভোগান্তির শিকার না হয়।”
নতুন এই উদ্যোগ সরকারের উদ্দেশ্য স্পষ্ট: অতীতের অমীমাংসিত ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা ও জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0