রাজধানীর পল্টন থানাধীন এলাকায় পৃথক স্থান থেকে দুইটি কাটা হাত ও একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা গেছে, উদ্ধার হওয়া দেহাংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।
পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ২টার দিকে স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরদিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে উদ্ধার করা হয় দুটি বিচ্ছিন্ন হাত।
পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান গণমাধ্যমকে জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার ওপর পড়ে থাকা দুইটি কাটা হাত উদ্ধার করে। এর আগে গভীর রাতে স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করা হয়েছিল।
তিনি বলেন, উদ্ধার হওয়া হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় জানা যায়, দেহাংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।