নাটকের শুটিং সেটে থাপ্পড় বিতর্ক: মুখোমুখি তানজিন তিশা ও সামিয়া অথৈ
অথৈ’র বিরুদ্ধে মামলা করবেন তিশা!
মানিকগঞ্জে একটি নাটকের শুটিং সেটে দুই অভিনেত্রীর মধ্যে থাপ্পড় বিতর্ক ঘিরে নাট্যাঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের দৃশ্য ধারণের সময় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন সহশিল্পী সামিয়া অথৈ। এ ঘটনায় গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও নাট্য অঙ্গনে তুমুল আলোচনা চলছে।
গত মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ অভিযোগ করেন, শুটিং চলাকালে একটি দৃশ্য ধারণের সময় তানজিন তিশা তাকে সজোরে একাধিক থাপ্পড় মারেন। অথৈর দাবি, চিত্রনাট্য অনুযায়ী তিনি তিশাকে একটি থাপ্পড় মারবেন—এমন দৃশ্য ছিল। সেই অনুযায়ী তিনি আলতোভাবে চড় মারেন। কিন্তু এরপর তানজিন তিশা পাল্টা তাকে একাধিক থাপ্পড় মারেন, যা চিত্রনাট্যে ছিল না।
অথৈ লাইভে বলেন, “দৃশ্য অনুযায়ী আমাকে তিশা আপুকে একটি থাপ্পড় মারতে বলা হয়েছিল। আমি খুব আলতোভাবে চড় মারি। কিন্তু পরে তিনি আমাকে সবার সামনে বারবার থাপ্পড় মারেন।”
অন্যদিকে অভিযোগের জবাবে অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, ঘটনাটি সম্পূর্ণই চরিত্রের প্রয়োজনে ঘটেছে এবং এটিকে অযথা বড় করে দেখানো হচ্ছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে নাটকের শুটিং সেট থেকে নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ পুরো টিমকে নিয়ে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
লাইভে তিশা বলেন, “ঘটনাটি নিয়ে আমার সহশিল্পী যে অভিযোগ করেছেন, সেটি অত্যন্ত দুঃখজনক। তিনি যদি সত্যিই কোনো সমস্যায় পড়তেন, তাহলে সরাসরি পরিচালক বা সংগঠনের কাছে অভিযোগ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে সরাসরি ফেসবুক লাইভে গিয়েছেন এবং বিষয়টি সবার সামনে তুলে ধরেছেন।”
তিনি আরও বলেন, “আমি যদি ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করতাম, তাহলে প্রথম দিনই তিনি পরিচালককে জানাতে পারতেন। আমরা সেটেই বিষয়টি সমাধান করতে পারতাম। কিন্তু তিনি কোনো সংগঠন বা পরিচালককে কিছু জানাননি।”
তানজিন তিশা এ সময় সামিয়া অথৈয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন। তার দাবি, তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার মানহানি করা হয়েছে।
তিশা বলেন, “তিনি আমার নামে যেসব কথা বলেছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তাই আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব এবং সংশ্লিষ্ট শিল্পী সংগঠনের কাছেও বিচার চাইব।”
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার সম্পর্কে বিভিন্ন ভিত্তিহীন গুজবও ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “ওয়াশরুমে দীর্ঘ সময় থাকা বা নেশা করার মতো যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে গত মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং শুরু হয়। নির্মাতা রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয় করছেন সামিয়া অথৈ, মীর রাব্বীসহ আরও কয়েকজন শিল্পী।
বেলা তিনটার দিকে তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের সময়ই এই বিতর্কিত ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নাট্যাঙ্গনের অনেকেই মনে করছেন, বিষয়টি দ্রুত সমাধান করা না হলে এটি শিল্পীদের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সংশ্লিষ্ট শিল্পী সংগঠনগুলোর পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0