বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরি সংবাদ সম্মেলন

ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ

Feb 23, 2026 - 14:09
 0  4
বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরি সংবাদ সম্মেলন
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক

ঢাকা-১৩ আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (দুপুর ২টা) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে তাদের গুরুতর আপত্তি রয়েছে। ভোট গণনার সময় ‘ইঞ্জিনিয়ারিং’, এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্রভিত্তিক ফলাফলে অসামঞ্জস্য এবং প্রভাব বিস্তারের মতো অভিযোগ তুলে দলটি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। এসব বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেই এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে দলটির আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক ভোট গণনার সময় কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি দাবি করেন, কয়েকটি কেন্দ্রে ভোট গণনার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং ফলাফল ঘোষণায় অস্বাভাবিক তাড়াহুড়া করা হয়েছে। একই সঙ্গে তিনি পুনর্গণনা বা তদন্তের দাবি জানান।

অন্যদিকে, ঢাকা-১৩ আসনে মামুনুল হকের প্রতিদ্বন্দ্বী এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি এক বক্তব্যে মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করার ইঙ্গিত দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত মজলিস এক বিবৃতিতে ওই মন্তব্যের নিন্দা জানিয়ে একে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলে আখ্যা দেয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী তা খতিয়ে দেখা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধী প্রার্থীর অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রেক্ষাপটে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা এখন দেখার বিষয়।

ঢাকা-১৩ আসনের নির্বাচনকে ঘিরে চলমান বিতর্ক নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সোমবারের সংবাদ সম্মেলনে দলটি আনুষ্ঠানিকভাবে কী সিদ্ধান্ত বা কর্মসূচি ঘোষণা করে, সেদিকেই এখন সবার নজর।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0