ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষেধাজ্ঞা নিয়ে এনসিপি নেতাদের তীব্র আপত্তি
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ভোটকেন্দ্রের কাছাকাছি মোবাইল ফোন নিষিদ্ধ করার পেছনে কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে ‘হঠকারী’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ হলো ভোটারদের ঘরেই ফোন রেখে আসতে বাধ্য করা। এতে মোবাইল সাংবাদিকতা বা নাগরিক সাংবাদিকতার সুযোগও বন্ধ হয়ে যাবে, যা একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিপন্থী। তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত কেবল তখনই নেওয়া হয়, যখন কোথাও ‘ইঞ্জিনিয়ারিং’ বা জালিয়াতির আশঙ্কা বা উদ্দেশ্য থাকে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ভোটকেন্দ্রের কাছাকাছি মোবাইল ফোন নিষিদ্ধ করার পেছনে কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। তিনি দাবি করেন, অতীতে এমন বিধিনিষেধের নজির তিনি দেখেননি। জরুরি পরিস্থিতিতে ফোন ব্যবহারের সুযোগ না থাকলে ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগবেন এবং অনেকেই ভোট দিতে যাওয়ার আগ্রহ হারাতে পারেন।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে অনিয়ম রোধ বা তথ্য প্রকাশে কার্যকর নয়। সাংবাদিক বা সাধারণ নাগরিকদের মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ভিডিও ধারণ করে অনিয়ম বা জালিয়াতির চিত্র প্রকাশ করা সম্ভব, যা কেন্দ্র দখল বা ভোটচুরির মতো ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে। তাঁর অভিযোগ, এই সুযোগ বন্ধ করতেই মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে, যা কার্যত অনিয়মের পথ সুগম করতে পারে।
একই বক্তব্য সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি পঞ্চগড়–১ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা–৪ আসনে একই জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত রোববার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন করতে পারবেন না।
আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0