বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগপত্র

Feb 7, 2026 - 16:44
 0  2
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগপত্র
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে এ অভিযোগপত্র জমা দেন। পরে গত ২০ জানুয়ারি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। আগামী ৩ মার্চ মামলাটির পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, সালমান এফ রহমান ও আনিসুল হক জ্ঞাতসারে এবং সচেতনভাবে কোনো ধরনের বৈধ অনুমতি বা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ব্যবসায়িক উদ্দেশ্যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিজেদের হেফাজতে রাখেন। জব্দকৃত ওই বৈদেশিক মুদ্রার বিষয়ে তারা কোনো বৈধ কাগজপত্র বা প্রয়োজনীয় দলিল দেখাতে ব্যর্থ হন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল গোপন সূত্রে জানতে পারে যে নিউমার্কেট থানার একটি হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট আসামিরা সদরঘাট এলাকার ২ নম্বর মসজিদের আশপাশে অবৈধভাবে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রেখে অবস্থান করছেন।

খবর পাওয়ার পরপরই সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। পরে তারা নিজেদের পরিচয় নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আটকের সময় আনিসুল হকের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার। অন্যদিকে সালমান এফ রহমানের কাছ থেকে জব্দ করা হয় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঁ, সাড়ে ৮ হাজার সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, প্রায় ১৩ লাখ উজবেকিস্তানের সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানের গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ এবং নগদ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় ওই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ১৯ সেপ্টেম্বর পুলিশ তাদের গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হওয়ার পর বর্তমানে সালমান এফ রহমান ও আনিসুল হক কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0