ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ, আহত অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ
হাদি হত্যার বিচার দাবির আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ
হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মী এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষে ডিএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট এবং একাধিক কনস্টেবল রয়েছেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, আহত পুলিশ সদস্যদের অধিকাংশের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজন পুলিশ সদস্যের মাথায় গুরুতর আঘাত লাগায় সেলাই দিতে হয়েছে।
এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা পৃথকভাবে আন্দোলনে অংশ নেন। একপর্যায়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধাক্কাধাক্কি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা যায়, যার ফলে পুলিশ সদস্যরা আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরে এলাকা শান্ত হয়। ঘটনার পর রাজধানীর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0