টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি
টানা বৃষ্টি ও উজানের ঢলে খোয়াই–কুশিয়ারা–সোনাই-নদীর-পানি-বাড়ছে-সতর্ক-করছে-পানি-উন্নয়ন-বোর্ড
কয়েক দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জ জেলার নদ-নদীগুলোতে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সময় যত গড়াচ্ছে, ততই ফুঁসে উঠছে জেলার প্রধান নদীগুলো। এতে হাওরাঞ্চলের কৃষক ও নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার সবকটি নদ-নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম না করলেও তা দ্রুত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। বিশেষ করে খোয়াই, কুশিয়ারা, সুতাং ও সোনাই নদীর পানি বৃদ্ধি স্থানীয় জনজীবনে প্রভাব ফেলতে শুরু করেছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, খোয়াই নদীর চুনারুঘাট উপজেলার বাল্লা অংশে পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শায়েস্তাগঞ্জ অংশে তা ৩৬৭ সেন্টিমিটার এবং সদর উপজেলার মাছুলিয়া অংশে ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে কুশিয়ারা নদীর নবীগঞ্জের শেরপুর অংশে পানি রয়েছে ২৪২ সেন্টিমিটার নিচে, বানিয়াচং উপজেলার মার্কুলি অংশে ১৪৬ সেন্টিমিটার এবং আজমিরীগঞ্জ অংশে ১১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুতাং নদীর শায়েস্তাগঞ্জ অংশে পানির স্তর ৩৭ সেন্টিমিটার নিচে রয়েছে, আর সোনাই নদীর মাধবপুর অংশে পানি প্রবাহিত হচ্ছে ৫৬১ সেন্টিমিটার নিচ দিয়ে।
এদিকে স্থানীয়দের মধ্যে আশঙ্কা বাড়ছে, কারণ নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অনেক জায়গায় কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, “বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তাহলে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হতে পারে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0