শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্য: সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন শ্রাবন্তী
সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন শ্রাবন্তী
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই মানসিক হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশ-এর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ পাঠান অভিনেত্রী। পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্তের প্রক্রিয়া শুরু করেছে।
দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে একাংশ নেটিজেন শ্রাবন্তীর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও শেষ পর্যন্ত মুখ খুলেছেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে শ্রাবন্তী বলেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। কিন্তু শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—এইভাবে দিনের পর দিন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “আমার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন এসেছে।”
সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন শ্রাবন্তী। ওই সিরিজে তাকে একজন ঠাকুমার চরিত্রে অভিনয় করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, “ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য তো সেভাবেই প্রস্তুতি নিতে হয়। ঠাকুরমার গড়ন ছিপছিপে নায়িকার মতো হতে পারে না। কিন্তু মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। দুঃখের বিষয়, শুধু পুরুষ নয়—এই ধরনের মন্তব্যে নারীরাও রয়েছেন।”
বর্তমানে সিরিজটির শুটিং শেষ হয়েছে এবং তিনি আবারও নিয়মিত শরীরচর্চা শুরু করেছেন। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই শিল্পীদের ব্যক্তিগত পরিসর ও মানসিক সুস্থতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0