সন্ধ্যায় দুই শীর্ষ নেতার জাতির উদ্দেশ্যে ভাষণ

শেষ সময়ের প্রচারণায় দেশজুড়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের তৎপরতা এখন তুঙ্গে

Feb 9, 2026 - 14:04
 0  2
সন্ধ্যায় দুই শীর্ষ নেতার জাতির উদ্দেশ্যে ভাষণ
দুই শীর্ষ নেতা

শেষ মুহূর্তের প্রচারণায় সরব রাজনৈতিক অঙ্গন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ের প্রচারণায় দেশজুড়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের তৎপরতা এখন তুঙ্গে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগমুহূর্তে ভোটারদের কাছে পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। বিরামহীন গণসংযোগ, পথসভা ও ব্যক্তিগত সাক্ষাতের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে সর্বত্র।

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা শুনছেন তাদের প্রত্যাশা ও অভিযোগ, তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা নির্বাচন বিধি অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হবে। সে অনুযায়ী আগামীকাল সকাল ৭টার পর থেকে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, প্রচারপত্র বিতরণ কিংবা গণমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না।

এই প্রেক্ষাপটে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। জানা গেছে, তারেক রহমান সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এবং শফিকুর রহমান সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এসব ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসব ভাষণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এখন দেশের রাজনৈতিক অঙ্গন অপেক্ষা করছে জনগণের রায়ের জন্য।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0