নিজস্ব প্রতিবেদকঃ বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলি আসগর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করার পর বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজহারে বলা হয়, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ আনা হয়।
ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলা এই ঘটনা অস্বীকার করলে ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার কারণে হিরো আলমের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের মামলা সামাজিকভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় দ্রুত তদন্ত ও আইনগত প্রক্রিয়া গ্রহণের দাবি তুলেছেন বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠন।