যমুনামুখী মিছিলে পুলিশের বাধা, নিন্দা মাওলানা আজহারীর

কয়েক মাস আগে একজন পুলিশ কর্মকর্তার সংযত আচরণ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

Feb 7, 2026 - 14:46
 0  4
যমুনামুখী মিছিলে পুলিশের বাধা, নিন্দা মাওলানা আজহারীর
নিন্দা মাওলানা আজহারীর

জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের নেতা জাবের ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস)সহ অন্তত ৩১ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কঠোর অবস্থান নেয়। জলকামানের পানির তোড় ও টিয়ারগ্যাসের কারণে অনেক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন রাস্তায় লুটিয়ে পড়েন। আহতদের মধ্যে শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মী রয়েছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে— পুলিশ সদস্যরা অতিরিক্ত আগ্রাসী আচরণ করে শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করছে। তাঁর মতে, চাইলে খুব সহজেই কম বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া যেত। তিনি স্মরণ করিয়ে দেন, কয়েক মাস আগে একজন পুলিশ কর্মকর্তার সংযত আচরণ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

মাওলানা আজহারী আরও বলেন, ন্যায্য বিচার দাবি করতে এসে শিক্ষার্থীদের এভাবে নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের সময় আরও পেশাদারিত্ব, ধৈর্য ও মানবিকতার পরিচয় দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও মারমুখী আচরণের কঠোর সমালোচনা করেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0