নিউমুরিং টার্মিনাল নিয়ে অচলাবস্থার শঙ্কা, অনির্দিষ্ট ধর্মঘটের ঘোষণা
ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে রোববার থেকে বন্দর অচল করার ঘোষণা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও মো. ইব্রাহিম খোকন এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, ধর্মঘট চলাকালে বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দেবেন না।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া সত্ত্বেও অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়েই অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা আরও জানান, এতদিন চলমান আন্দোলনের সময় বন্দরের বহির্নোঙরের কার্যক্রম সচল রাখা হয়েছিল, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি ব্যাহত না হয়। তবে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় নতুন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমও বন্ধ রাখা হবে।
এর আগে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে টানা বিক্ষোভ কর্মসূচি, কালো পতাকা মিছিল এবং কর্মবিরতি পালন করে আসছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দাবি পূরণের আশ্বাসে বৃহস্পতিবার কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হলেও মাত্র দুই দিনের ব্যবধানে পুনরায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হলো।
সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো চার দফা দাবির মধ্যে রয়েছে— চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক-কর্মচারী নেতাদের বিরুদ্ধে গৃহীত সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করে তাদের স্বপদে পুনর্বহাল, নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি না করার নিশ্চয়তা প্রদান।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0