ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

Feb 2, 2026 - 12:18
 0  1
ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ
ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ নির্বিঘ্ন ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল ব্যবহার করা যাবে না।

 এ ছাড়া ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব আল-আমীন মো. নুরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করা হয়েছে। রোববার প্রকাশিত এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়। তবে গুরুত্বপূর্ণ ও জরুরি প্রয়োজনে কিছু যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন এবং নির্বাচন পর্যবেক্ষকদের ব্যবহৃত যানবাহন। পাশাপাশি জরুরি সেবা, ওষুধ, চিকিৎসা ও স্বাস্থ্যসামগ্রী পরিবহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহনও চলাচল করতে পারবে। নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নিষেধাজ্ঞামুক্ত থাকবে। 

এছাড়া নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত মোটরসাইকেলও চলাচলের অনুমতি পাবে। টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবার আওতায় বিবেচনা করে বিটিআরসি এবং তাদের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনকেও নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আত্মীয়-স্বজনকে আনতে বা পৌঁছে দিতে বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণ দেখাতে পারলে চলাচল করতে পারবে।

পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি ও নির্বাচনি এজেন্টের জন্য একটি করে ছোট আকারের যানবাহন—রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে—নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা, আন্তঃজেলা সড়ক, মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ সড়কে পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা কার্যকর বা শিথিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। 

উল্লিখিত যানবাহন ছাড়া অন্য যেকোনো যানবাহনের ক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0