ফরিদপুরে ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষ, আহত ৩০

সেনা-পুলিশ কড়া নজরদারিতে

Feb 14, 2026 - 16:05
 0  3
ফরিদপুরে ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষ,  আহত ৩০
সংগৃহীত ছবি

ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী গ্রামে নির্বাচনের পর রাজনৈতিক ও ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এবং বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় উত্তেজনা চরম আকার নেয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও এলাকাজুড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথার আবুল কামাল আজাদ ওরফে বাচ্চুর ছেলে মো. জিহাদ মিয়া ও টুলু মিয়ার সঙ্গে বোয়ালমারীর পরমেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নির্বাচনের ফলাফলের পর মান্নান চেয়ারম্যান বিএনপিতে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলাকালীন সময়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে উভয়পক্ষের লোকজন অংশ নেয়। অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয় এবং দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

সালথা আর্মি ক্যাম্প কমান্ডার জানান, “নির্বাচনের পর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষের সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আমাদের টহল ও নজরদারি অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, “বাজার ও এলাকার আধিপত্য বিস্তারের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও সেনা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”

স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের পর আতঙ্কে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছেন। প্রশাসন পুনরায় সহিংসতা এড়াতে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0