বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
জাতীয় নির্বাচন ও গণভোটে ড্রোন নজরদারি, লাইভ ফিড পাবে নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয়
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ভোটের দিন আকাশপথে নজরদারি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিমান বাহিনীর ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে এসব ড্রোনের লাইভ ভিডিও ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও সরবরাহ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা তাদের নিজ নিজ ড্রোন মাঠপর্যায়ে ব্যবহার করবে। এর মাধ্যমে ভোটের দিন সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সম্প্রতি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের কাছে পৃথক পৃথক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে নির্বাচন উপলক্ষে ড্রোন মোতায়েন ও লাইভ ফিড সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিগুলোতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকেন্দ্রিক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী, সংস্থা ও বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
ইসি মনে করছে, নির্বাচনকালীন সময়ে যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হতে পারে। সে ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নিরূপণ, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণের জন্য ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
এই প্রেক্ষাপটে নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট সব কার্যক্রম শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে বিমান বাহিনী, র্যাব ও বিজিবির মাধ্যমে ড্রোন মোতায়েন করে তার লাইভ ফিড নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সরবরাহ করার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া বিমান বাহিনীকে পাঠানো চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তাদের ড্রোন থেকে প্রাপ্ত লাইভ ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও পাঠাতে হবে।
নির্বাচন কমিশনের এই উদ্যোগ ভোটের দিন পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0