বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের
দুর্ঘটনা স্থলে তৎপরতার সময় ফায়ার ফাইটারের মৃত্যু
শেরপুরে সড়ক দুর্ঘটনার জায়গায় উদ্ধারকাজের সময় ফায়ার সার্ভিসের কর্মী আহসান হাবিব (৪৬) নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায়, ফায়ার সার্ভিস স্টেশনের সামনে।
নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত আবিদুর রহমানের ছেলে। তিনি শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে আহসান হাবিব তাৎক্ষণিকভাবে স্টেশনের প্রধান ফটক খুলে মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তার সিগন্যাল অনুযায়ী বগুড়াগামী একটি ট্রাক থেমে যায়। ঠিক তখনই একই দিকে আসা একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে ট্রাকের নিচে চাপা পড়ে আহসান হাবিব। গুরুতর অবস্থায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফায়ার ফাইটারের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও বাস পুলিশ হেফাজতে আছে, কিন্তু দুই গাড়ির চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0