রাষ্ট্রদ্রোহের দায়ে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের যাবজ্জীবন কারাদণ্ড

আসামিরা এক সপ্তাহের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

Feb 19, 2026 - 14:43
 0  3
রাষ্ট্রদ্রোহের দায়ে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের যাবজ্জীবন কারাদণ্ড
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল

দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন জারির ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

রায়ে বলা হয়েছে, সাংবিধানিক শাসনব্যবস্থা ভেঙে দিয়ে জোরপূর্বক সামরিক শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্রে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একই মামলায় তার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকে দোষী সাব্যস্ত করে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত আরও উল্লেখ করেন, সে সময় বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ংকে আটক করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। এ ঘটনাকে গণতান্ত্রিক কাঠামোর ওপর গুরুতর আঘাত হিসেবে অভিহিত করা হয়েছে।

এ মামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ সাবেক কর্মকর্তার সাজা ঘোষণা করা হয়েছে। সাবেক গোয়েন্দা প্রধান রোহ সাং-উনকে ১৮ বছরের কারাদণ্ড, সাবেক পুলিশ প্রধান চো জি-হোকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সিউল মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান কিম বং-সিককে ১০ বছর এবং ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ গার্ডের সাবেক প্রধান মোক হিউন-তায়েকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত জানিয়েছেন, রায় ঘোষণার পর আসামিরা এক সপ্তাহের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

এই রায়কে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিচার বিভাগের কঠোর অবস্থানেরই প্রতিফলন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0