শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
অভিযুক্তদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকি ৬ জন পলাতক।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৯ ফেব্রুয়ারি আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন হওয়া সত্ত্বেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে গত ৬ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছিলেন। অভিযুক্তদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকি ৬ জন পলাতক। অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন করলে আদালত পুনঃতদন্তের জন্য মামলাটি সিআইডি-কে হস্তান্তর করেন।
তদন্তে প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেয় ওসমান হাদি। ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
হাদির গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যা পরে ৩০২ ধারায় হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। এর মধ্যে পাঁচজন এখনও পলাতক।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিদের রাজনৈতিক পরিচয় ও ভুক্তভোগীর রাজনৈতিক কার্যক্রম বিশ্লেষণে প্রাথমিকভাবে হত্যা রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে চালানো হয়েছে। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব সৃষ্টি এবং ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করাই পরিকল্পিত হত্যাকাণ্ডের উদ্দেশ্য বলে বলা হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0