সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, পরিবহন খাতে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ দিন মন্ত্রী নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
মন্ত্রী বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতেই তিনি পরিদর্শনে এসেছেন। তিনি জানান, লাইটার জাহাজে গম পাওয়া গেছে এবং নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে রেখে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীসেবার বিষয়ে মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। যেসব স্থানে ব্যত্যয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো গতবারের তুলনায় এবার আরও বেশি তৎপর থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সরকার পরিবহন খাতকে শৃঙ্খলার মধ্যে রাখতে বদ্ধপরিকর এবং সাধারণ যাত্রীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।