সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান আজহারীর

অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া খেয়ানত

Feb 11, 2026 - 18:08
 0  1
সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান আজহারীর
মিজানুর রহমান আজহারী ছবি: ফেসবুক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রতি সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া ‘খেয়ানত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভোট একটি আমানত—এটি যথাযথ ব্যক্তির হাতে অর্পণ করা প্রত্যেক ভোটারের নৈতিক দায়িত্ব।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ড. আজহারী লেখেন, ভোটার হিসেবে নাগরিকদের দায়িত্ব হলো সৎ, যোগ্য ও নৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা। একইসঙ্গে যারা নির্বাচিত হবেন, তাদেরও কর্তব্য হলো জনগণের সেই আস্থার মর্যাদা রক্ষা করা। তিনি বলেন, জেনে-শুনে অসৎ ও অযোগ্য কাউকে ভোট দেওয়া যেমন খেয়ানত, তেমনি দায়িত্ব পেয়ে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়া কিংবা জনগণের অধিকার ক্ষুণ্ন করাও খেয়ানতের শামিল।

তার পোস্টে পবিত্র কোরআনের সুরা নিসার ৫৮ নম্বর আয়াত উদ্ধৃত করা হয়। আয়াতে বলা হয়েছে, “হে ইমানদারগণ! আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা আমানতসমূহ উপযুক্ত ব্যক্তিদের হাতে অর্পণ করো।” এই আয়াতের আলোকে তিনি ভোটারদের সচেতন ও বিবেকবান হওয়ার আহ্বান জানান।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে একটি গণভোটও আয়োজন করা হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে দুটি পৃথক ব্যালটে ভোট দেবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, একটি ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অন্য ব্যালটটি থাকবে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ে গণভোটের জন্য। সেখানে প্রস্তাবিত সনদের পক্ষে বা বিপক্ষে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ নির্বাচন করতে পারবেন।

নির্বাচনের প্রাক্কালে ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বদের বিভিন্ন আহ্বান ও মতামত জনপরিসরে আলোচনার জন্ম দিচ্ছে। তারই ধারাবাহিকতায় ড. মিজানুর রহমান আজহারীর এই বার্তা ভোটারদের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0