বিশ্বজুড়ে ১২ থেকে ১৫ ঘণ্টা রোজা, প্রতিবছর রমজান এগিয়ে আসে কেন?

চাঁদ দেখার অপেক্ষা, ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু পবিত্র রমজান

Feb 16, 2026 - 13:49
 0  3
বিশ্বজুড়ে ১২ থেকে ১৫ ঘণ্টা রোজা,  প্রতিবছর রমজান এগিয়ে আসে কেন?
প্রতীকী ছবি

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। ইসলামি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চন্দ্রদর্শনের ভিত্তিতেই রমজান মাসের সূচনা নির্ধারিত হয়। এই মাসে ধর্মপ্রাণ মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, ধূমপান ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে সিয়াম সাধনা পালন করেন।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বছরের বেশি আগে এই রমজান মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়। আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও ‘তাকওয়া’ বা খোদাভীতি অর্জনই রোজার মূল উদ্দেশ্য।

প্রতিবছর রমজান এগিয়ে আসে কেন?

রমজান মাস প্রতি বছর আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। কারণ ইসলামি ক্যালেন্ডার চন্দ্রনির্ভর, যেখানে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনের। বিপরীতে সৌরবর্ষ প্রায় ৩৬৫ দিনের। ফলে চান্দ্রবর্ষ সৌরবর্ষের তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় রমজানের তারিখ প্রতি বছর এগিয়ে আসে।

এই ধারাবাহিকতায় ২০৩০ সালে পবিত্র রমজান দুইবার পালিত হবে—প্রথমটি ৫ জানুয়ারি এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ২০৩১ সালের দিকে রমজান উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিনের সময়ের কাছাকাছি চলে আসবে, ফলে সেখানে রোজার সময় তুলনামূলক কম হবে।

উত্তর ও দক্ষিণ গোলার্ধে রোজার সময়ের পার্থক্য

ভৌগোলিক অবস্থান অনুযায়ী দিনের দৈর্ঘ্য ভিন্ন হয়। বর্তমানে উত্তর গোলার্ধে শীতকাল চলায় সেখানে রোজার সময় অপেক্ষাকৃত কম। মাসের শুরুতে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হয়, যা মাসের শেষ দিকে কিছুটা বাড়ে।

অন্যদিকে দক্ষিণ গোলার্ধে বসবাসকারী মুসলিমদের জন্য দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় শুরুতে ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়, তবে মাসের শেষ দিকে সময় কিছুটা কমে আসে।

বিভিন্ন শহরে রোজার সূচি

🇧🇩 ঢাকা

প্রথম রোজায় সাহ্‌রির শেষ সময় ভোর ৫:১৩ মিনিট, ইফতার সন্ধ্যা ৫:৫৬ মিনিট—মোট ১২ ঘণ্টা ৪৩ মিনিট।
শেষ রোজায় সাহ্‌রির শেষ সময় ৪:৪৭ মিনিট, ইফতার ৬:১০ মিনিট—১৩ ঘণ্টা ২৩ মিনিট।

🇮🇳 নয়াদিল্লি

প্রথম দিন ১২ ঘণ্টা ৩৮ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ২৬ মিনিট।

🇵🇰 ইসলামাবাদ

প্রথম দিন ১২ ঘণ্টা ২৯ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ২৯ মিনিট।

🇲🇾 কুয়ালালামপুর

প্রথম দিন ১৩ ঘণ্টা ১১ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ১৫ মিনিট।

🇱🇰 কলম্বো

প্রথম দিন ১৩ ঘণ্টা ৬ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ১৬ মিনিট।

🇹🇭 ব্যাংকক

প্রথম দিন ১২ ঘণ্টা ৫৬ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ১৭ মিনিট।

🇸🇦 রিয়াদ

প্রথম দিন ১২ ঘণ্টা ৪৪ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

🇶🇦 দোহা

প্রথম দিন ১২ ঘণ্টা ৪৩ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

🇦🇪 দুবাই

প্রথম দিন ১২ ঘণ্টা ৪৩ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

🇺🇸 লস অ্যাঞ্জেলেস

প্রথম দিন ১২ ঘণ্টা ১৫ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ১৪ মিনিট।

🇨🇭 জুরিখ

প্রথম দিন ১২ ঘণ্টা ১১ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ৫০ মিনিট।

🇮🇹 রোম

প্রথম দিন ১২ ঘণ্টা ১৯ মিনিট, শেষ দিন ১৩ ঘণ্টা ৪০ মিনিট।

রমজানের ধর্মীয় তাৎপর্য

রমজান শুধু রোজা পালনের মাস নয়; এটি আত্মশুদ্ধি, কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং সামাজিক সহমর্মিতার মাস। মুসলিমরা এ মাসে তারাবিহ নামাজ আদায় করেন এবং লাইলাতুল কদরের সন্ধান করেন, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হিসেবে বিবেচিত।

অর্থনৈতিকভাবেও রমজান গুরুত্বপূর্ণ। মুসলিমদের ওপর নির্ধারিত যাকাত ও ফিতরা আদায়ের বড় অংশ এই মাসে সম্পন্ন হয়, যা সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ভূমিকা রাখে।

বিভিন্ন ভাষায় রমজানের শুভেচ্ছা

বিশ্বজুড়ে মুসলিমরা নিজ নিজ ভাষায় রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। সবচেয়ে প্রচলিত সম্ভাষণ ‘রমজান কারিম’—অর্থাৎ রমজান কল্যাণময় হোক। ‘রমজান মোবারক’ও সমান জনপ্রিয়।

ফারসিতে বলা হয় ‘মাহে রমজান মোবারক’, তুর্কিতে ‘রমাজান আয়িনিজ মুবারক ওলসুন’, মালয়ে ‘সেলামাত বেরপুয়াসা’, সোমালিতে ‘সুন ওয়ানাগসান’, আর স্প্যানিশ ভাষায় ‘ফেলিজ রামাদান’।

ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও লক্ষ্য একটাই—এই পবিত্র মাসে শান্তি, সংযম, রহমত ও বরকত কামনা। চাঁদ দেখা সাপেক্ষে শুরু হতে যাওয়া রমজান মাস বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য আবারও আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক পুনর্জাগরণের বার্তা নিয়ে আসছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0