সালমান শাহ হত্যা মামলা: কারাগারে অভিনেতা ডন
সালমান শাহ হত্যা মামলা
চলচ্চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে বিকেলে ডনকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।
শুনানিতে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, মামলার এ আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে তাকে সিআইডি আটক করে। রাষ্ট্রপক্ষের দাবি, সালমান শাহকে হত্যার ঘটনায় ডনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
তবে ডনের পক্ষে আদালতে কোনো জামিন আবেদন করা হয়নি। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
পরে আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মৃত্যুর দুই দশক পর হত্যা মামলা
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় মারা যান জনপ্রিয় চলচ্চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর ঘটনায় ওই সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেছিলেন।
পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্ত করে সিআইডি।
তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সিআইডি। প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত সিআইডির প্রতিবেদন গ্রহণ করেন।
সিআইডির ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে রিভিশন মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত বছরের ২০ অক্টোবর বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক। একই সঙ্গে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে হত্যা মামলার তদন্ত শুরু করে সিআইডি। সেই মামলায় গ্রেপ্তার হলেন অভিনেতা আশরাফুল হক ডন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0