বর্ষার পানি ধরে রেখে কাজে লাগাতে চাই : প্রধানমন্ত্রী
বর্ষার পানি
গাজী আরমানঃ- দিনাজপুরকে কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে খাল খননসহ পানি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় কৃষি উৎপাদনে সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি পানিতে আয়রনের মাত্রাও বাড়ছে। তাই বর্ষাকালের পানি সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দান-এ জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে পানি সংকট ও সেচ সমস্যার সমাধানে খাল পুনঃখনন, জলাধার সংরক্ষণ এবং আধুনিক সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। দিনাজপুরসহ উত্তরাঞ্চলের কৃষি নির্ভর জেলাগুলোতে এই উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং সারা বছর জমিতে চাষাবাদ করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের জন্য “ফ্যামিলি কার্ড” চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য ও সহায়তা পাওয়া যাবে। তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এই সুবিধার আওতায় আসতে পারবেন, তবে যারা সবচেয়ে বেশি প্রয়োজনের মধ্যে রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছে। তার মতে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, গত দেড় দশকে যেসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়নি, সেগুলো অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। এজন্য সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারকে ভোট দেওয়া বা না দেওয়া—সব নাগরিকের জন্যই সরকার সমানভাবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন দুলাল এবং সঞ্চালনা করেন বখতিয়ার আহমেদ কচি। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে আখতারুজ্জামান মিয়া, মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পানি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত করা প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0