ব্রিটিশ কলাম্বিয়ার স্কুলে রক্তক্ষয়ী বন্দুক হামলা: নিহত অন্তত ১০, আহত প্রায় ২৫
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ২৫ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্কুলের ভেতর থেকে সন্দেহভাজন হামলাকারীসহ মোট সাতজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এছাড়া গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পর পাশের একটি বাড়িতে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, ওই দুইজনের মৃত্যুর সঙ্গে স্কুলে সংঘটিত হামলার কোনো না কোনো সম্পর্ক থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।
হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সন্দেহভাজন হামলাকারী একজন নারী হতে পারেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি।
রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত ছোট শহর টাম্বলার রিজে এ ঘটনা ঘটে। ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরের জনসংখ্যা আড়াই হাজারেরও কম। কয়লাখনি এবং ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কারের জন্য এলাকাটি পরিচিত।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ। তাদের ঘরের ভেতরে অবস্থান করে দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0