দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

Aug 9, 2026 - 19:00
 0  2
দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফটিকছড়ি প্রতিনিধি:
নির্বাচনের আগে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনেও একইভাবে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার, আলেম-ওলামা এবং সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রবিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগে আলেম-ওলামাদের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি হুজুরকে বাবুনগর মাদ্রাসায় আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহর রহমতে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পূরণ করে প্রিয় হুজুরের কাছে আসতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, গত নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি সংকট থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সব সমস্যা এখনো দূর হয়নি। আগের সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাব এখন দেশের সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে।

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে পরিকল্পনাহীনভাবে বিভিন্ন খাতে কাজ করার কারণে বর্তমানে মানুষকে তার মূল্য দিতে হচ্ছে। গ্যাসের যে সংকট চলছে, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে দেশের মানুষ ও তাদের সন্তানরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে—এমন একটি সম্প্রীতির বাংলাদেশই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং মানুষের জীবনমানের উন্নতি ঘটবে।

সম্প্রতি বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির যে চেষ্টা চলছে, তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, নির্বাচনের পরও দেশ গঠনের কাজে একইভাবে ঐক্য ধরে রাখতে হবে।

দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হাসপাতাল, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে হবে। দেশের মানুষ যেন নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে, সেটিই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

আলেম-ওলামাদের সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা সরাসরি সরকারের অংশ না হলেও দেশ পরিচালনায় সরকারের সহযোগী। দেশের মানুষকে সঠিক পথে পরিচালনা এবং দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধু সরকারের একার নয়; এ ক্ষেত্রে আলেম-ওলামাসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা রয়েছে।

এর আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে রবিবার বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়িতে পৌঁছান। ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে হেলিকপ্টার অবতরণের পর সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতার অভ্যর্থনার জবাব দেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0